Thursday, May 21, 2015

সম্ভাবনার নতুন দিগন্ত: মুক্তপেশা (ফ্রিল্যান্সিং)


দেশে তথ্যপ্রযুক্তি খাতে মুক্ত পেশার বা ফ্রিল্যান্সের বাজার বড় হচ্ছে। বিশ্ববিদ্যালয় ও কলেজ উত্তীর্ণ বা পড়ুয়া তরুণরা এ বাজারকে এগিয়ে নিচ্ছেন। বর্তমানে প্রায় ছয় লাখ নিবন্ধিত মুক্ত পেশাজীবী রয়েছেন। এ খাত থেকে গত বছর প্রায় ৫৫ মিলিয়ন ডলার বা ৪২৫ কোটি টাকার বেশি আয় করেছেন তরুণরা। ২০২০ সাল নাগাদ ১ বিলিয়ন ডলার আয় করার আশা করছেন শীর্ষ ফ্রিল্যান্সার ও নেতৃত্বস্থানীয়রা। ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগের পাশাপাশি সরকারও ফ্রিল্যান্সার তৈরিতে উদ্যোগ নিয়েছে। নিজস্ব উদ্যোগে তরুণ-তরুণীরাও ফ্রিল্যান্স কাজে ঝুঁকছেন। ফলে এ পেশার বিকাশ এবং বৈদেশিক মুদ্রার আয় আরো বৃদ্ধির সম্ভাবনা জেগেছে।



তথ্যপ্রযুক্তির (আইটি) নানা বিষয়ে ফ্রিল্যান্স কাজ করেন এমন কয়েকজন জানান, দেশে তরুণরা সফটওয়্যার ডেভেলপমেন্ট, কাস্টমার সার্ভিস, ডাটা এন্ট্রি, রাইটিং, সম্পাদনা, ব্লগিং, একাউন্টিং, মোবাইল এপস ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন, গ্রাফিক ডিজাইন, প্রেজেন্টেশন, থ্রিডি মডেলিং, এনিমেশন এবং
অনুবাদের কাজ বেশি করছেন। দেশে এখনও ফ্রিল্যান্সারদের সার্বিক দেখভাল, পর্যবেক্ষণ এবং তথ্য সংরক্ষণের জন্য সাধারণ প্লাটফর্ম তৈরি হয়নি। তবে বিশ্বজুড়ে ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে বড় মার্কেট প্লেস হলো ইল্যান্স ওডেস্ক (www.elance-odesk.com), দেশের ফ্রিল্যান্সারদের সিংহভাগ এ মার্কেট প্লেসের মাধ্যমেই কাজ আদান-প্রদান বা বিনিময় করেন। ২০১৩ সালে ওডেস্কের মাধ্যমে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা ২১ মিলিয়ন ডলার আয় করেছেন। ২০১৪ সালে এ আয়ের পরিমাণ ৩০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তারা। ওডেস্কসহ সক্রিয় ফ্রিল্যান্সারদের কয়েকটি দল জানায়, সবমিলিয়ে ২০১৩ সালে তথ্যপ্রযুক্তি খাতে ফ্রিল্যান্সিংয়ে ৪০ মিলিয়ন ডলার বা প্রায় ৩১০ কোটি টাকা আয় করেছেন তারা। ২০১৪ সালে এ আয় প্রায় ৫৫ মিলিয়ন ডলার বা ৪২৫ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ইল্যান্স ওডেস্ক’র সূচকেও ফ্রিল্যান্সারের সংখ্যা এবং উপার্জন বিবেচনায় বাংলাদেশ তৃতীয় স্থানে অবস্থান করছে।


এ প্রসঙ্গে ইল্যান্স ওডেস্ক’র কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) সাইদুর মামুন খান বলেন,  বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তিতে ফ্রিল্যান্স-আউটসোর্সিংয়ের বাজার বড় হচ্ছে। বাংলাদেশে তরুণদের সংখ্যা বেশি। তাদের আগ্রহও অনেক। ২০১৪ সালে বিশ্বে মুক্তপেশাজীবীরা আউটসোর্সিং থেকে প্রায় ৯৩০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন। ২০১৩ সালে এটি ছিল ৭৫০ মিলিয়ন ডলার। ২০২০ সাল নাগাদ এ বাজার ১০ বিলিয়ন ডলারে পরিণত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তিনি বলেন, বাংলাদেশ ফ্রিল্যান্স-আউটসোর্সিংয়ে ভালো করছে। ২০১০ সাল থেকে মূলত এ খাতে বাংলাদেশের তরুণরা ভালো কাজ করছে। ওই সময় থেকেই মূলত এ খাতে একধরনের বিস্ফোরণ হয়েছে। যার ধারাবাহিকতায় ইল্যান্স ওডেস্ক মার্কেট প্লেসে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। তবে এ শ্রেণীর পেশাজীবীদের জন্য চ্যালেঞ্জও বেড়েছে। ফলে অনেককেই কিছুদিন ফ্রিল্যান্স কাজ করে পরে তা নিয়মিত করতে দেখা যায় না।

দেশে বর্তমানে প্রায় ছয় লাখ নিবন্ধিত মুক্তপেশাজীবী রয়েছেন। এর মধ্যে সাড়ে চার লাখই ইল্যান্স ওডেস্কে নিবন্ধিত। এছাড়া গুরুডটকমসহ (guru.com) কয়েকটি মার্কেট প্লেসেও ফ্রিল্যান্সাররা ভিড় জমাতে শুরু করেছেন। তবে সংশ্লিষ্টরা জানান, দেশে ছয় লাখ নিবন্ধিত ফ্রিল্যান্সার থাকলেও এদের মধ্যে সক্রিয় রয়েছেন প্রায় দুই লাখ। বাকিরা নিয়মিত কাজ করেন না। এর কারণ সম্পর্কে একাধিক ফ্রিল্যান্সার জানান, বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিংবা সদ্য উত্তীর্ণ অনেক তরুণ-তরুণী এ ফ্রিল্যান্সিংকে আপদকালের সময়ের জন্য গ্রহণ করেন। ভালো চাকরি পেলে তারা ফ্রিল্যান্সিং ছেড়ে দেন। কেননা অধিকাংশক্ষেত্রে আগ্রহ থেকে নয় বরং ব্যক্তিগত আর্থিক সংকটকালীন পরিস্থিতি মোকাবেলা কিংবা হাত খরচ জোগাতে অনেকে এ পেশায় যুক্ত হন। আগ্রহ এবং নিজের জ্ঞান প্রয়োগ করার ভালো সুযোগ যারা পান তারা সাধারণত ফ্রিল্যান্সিং ছাড়েন না। তারা আরো জানান, বিশ্বজুড়েই ফ্রিল্যান্সিং জনপ্রিয় হচ্ছে। কেননা আর্থিক ও তথ্যপ্রযুক্তি খাতের অনেক বড় প্রতিষ্ঠান কিছু কাজ নিজেরা না করে, আউটসোর্সিং করতেই পছন্দ করেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস’র সভাপতি শামীম আহসান বলেন, ‘আমাদের তরুণ-তরুণীর সংখ্যা এখন অনেক বেশি। প্রচলিত চাকরিতে অধিকাংশই নিজের মেধার প্রতিফলন ঘটাতে পারেন না। তাই বিশ্ব পরিপ্রেক্ষিতে নিজেকে চেনানোর জন্য ফ্রিল্যান্স কাজ একটি বড় সুযোগ। এ সুযোগটিই আমাদের বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষিত তরুণ-তরুণীরা ব্যবহার করতে পারেন। এটি তারা করছেনও। সঠিক নির্দেশনায় চললে এ খাতে বাংলাদেশ এক নম্বরে পৌঁছতে পারবে। সেই সম্ভাবনা আমাদের রয়েছে।’

আউটসোর্সিং ও ফ্রিল্যান্স কী

ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কাজ করিয়ে নেয়। নিজ প্রতিষ্ঠানের বাইরে অন্য কাউকে দিয়ে এসব কাজ করানোকে আউটসোর্সিং বলে। যারা আউটসোর্সিংয়ের কাজ করে দেন, তাদের ফ্রিল্যান্সার বলে। ফ্রিল্যান্সার অর্থাত্ মুক্ত বা স্বাধীন পেশাজীবী। আউটসোর্সিংয়ের কাজের খোঁজ থাকে, এমন সাইটে যিনি কাজটা করে দেন, তাকে বলা হয় কন্ট্রাক্টর, তিনি চুক্তিতে কাজ করেন। আর যিনি কাজ দেন, তাকে বলে বায়ার/এমপ্লয়ার। তিনি চুক্তিতে কাজ দেন।

আউটসোর্সিং কাজ প্রাপ্তির স্থান

আউটসোর্সিং সাইট বা অনলাইন মার্কেট প্লেসে কাজ বিভিন্ন ভাগে ভাগ করা থাকে। এর মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং ও ইনফরমেশন সিস্টেম, লেখা ও অনুবাদ, প্রশাসনিক সহায়তা, ডিজাইন ও মাল্টিমিডিয়া, গ্রাহকসেবা, বিক্রয় ও বিপণন, ব্যবসা সেবা রয়েছে।

ওয়েব ডেভেলপমেন্টে রয়েছে- ওয়েবসাইট ডিজাইন, ওয়েব প্রোগ্রামিং, ই-কমার্স, ইউজার ইন্টারফেস ডিজাইন, ওয়েবসাইট টেস্টিং, ওয়েবসাইট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইত্যাদি। সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে আছে- ডেস্কটপ এপ্লিকেশন, গেম ডেভেলপমেন্ট, স্ক্রিপ্ট ও ইউটিলিটি, সফটওয়্যার প্লাগ-ইনস, মোবাইল অ্যাপ্লিকেশন, ইন্টারফেস ডিজাইন, সফটওয়্যার প্রকল্প-ব্যবস্থাপনা, সফটওয়্যার টেস্টিং, ভিওআইপি ইত্যাদি।


নেটওয়ার্কিং ও ইনফরমেশন সিস্টেমের মধ্যে রয়েছে-নেটওয়ার্ক এডমিনিস্ট্রেশন, ডিবিএ-ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন, সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন, ইআরপি/সিআরএম ইমপি­মেনটেশন ইত্যাদি। লেখালেখি ও অনুবাদ কাজের মধ্যে রয়েছে কারিগরি নিবন্ধ লেখা, টেকনিক্যাল রাইটিং, ওয়েবসাইট কনটেন্ট, ব্লগ ও আর্টিকেল রাইটিং, কপি রাইটিং, অনুবাদ, ক্রিয়েটিভ রাইটিং ইত্যাদি। ডিজাইন ও মাল্টিমিডিয়ার মধ্যে আছে গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ইলাস্ট্রেশন, প্রিন্ট ডিজাইন, থ্রিডি মডেলিং, ক্যাড, অডিও ও ভিডিও প্রোডাকশন, ভয়েস ট্যালেন্ট, অ্যানিমেশন, প্রেজেন্টেশন, প্রকৌশল ও টেকনিক্যাল ডিজাইন ইত্যাদি।

কেন ফ্রিল্যান্সিং

গত বছর ইকোনমিস্ট পত্রিকার ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে স্নাতকদের প্রায় ৪৭ ভাগই বেকার বা অর্ধবেকার। পর্যবেক্ষণে দেখা যায়, মেধা ও দক্ষতা থাকা সত্ত্বেও প্রচলিত চাকরির বাজারে অধিকাংশ তরুণ-তরুণী নিজেদের মেধা ও সততার প্রতিফলন ঘটাতে পারেন না। কিন্তু বিশ্ববাজারে তাদের দক্ষতা রয়েছে এমন খাতে কাজ করার অনেক সুযোগ রয়েছে। তাই দেশে থেকেই আউটসোর্সিং কাজ করে ক্যারিয়ার গঠন করা সম্ভব। বিভিন্ন অভিজ্ঞতার সম্মিলন ও বিনিময় হওয়ার কারণে এ ধরনের ফ্রিল্যান্সিং কাজ থেকে দেশের তথ্যপ্রযুক্তি খাতও দীর্ঘমেয়াদে লাভবান হতে পারে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ফাহিমা সুলতানা বলেন, এমবিএ শেষ করার পর একটি আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ পাই। কিন্তু সেখানে আমার মেধার প্রতিফলন ঘটানোর সুযোগ পাইনি। এরইমধ্যে ফ্রিল্যান্স কাজের সাথে জড়িয়ে যাই। এতে নিজের ও ক্লায়েন্টের পছন্দমত কাজ করা সম্ভব। তাই এ খাতেই নিজের ক্যারিয়ার গঠন করতে মনোযোগী হয়েছি।

এগিয়ে আসছে সরকারও

দেশে এখন পর্যন্ত ফ্রিল্যান্সিং কাজ ব্যক্তিগত উদ্যোগেই হয়ে আসছে। তবে সম্প্রতি সরকারও এ খাতে দক্ষ জনসম্পদ তৈরিতে উদ্যোগ নিয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গত বছর ‘লার্নিং এন্ড আর্নিং’ এবং ‘ঘরে বসে বড়লোক’ কর্মসূচির মাধ্যমে ২৬ হাজার তরুণ-তরুণীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়েছে। এর মধ্যে ১২ হাজার নারী। এছাড়া ২০১৫ এবং ২০১৬ সালের মধ্যে আরো ৫৫ হাজার জনকে ‘লার্নিং এন্ড আর্নিং’ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

No comments:

Post a Comment